১৪টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:২০ অপরাহ্ন, ০৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ইতিহাসে অন্যতম বড় উড়োজাহাজ ক্রয়চুক্তি স্বাক্ষর করেছে সরকার। মার্কিন প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে প্রায় ৩৫ হাজার কোটি টাকায় ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বাংলাদেশ বিমান এয়ারলাইনস।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

চুক্তি অনুযায়ী, বিমানের বহরে যুক্ত হবে মোট ১৪টি নতুন উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট।

পরিকল্পনা অনুযায়ী, ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ দূরত্বের রুটে পরিচালিত হবে। অন্যদিকে, ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটে ব্যবহারের জন্য নির্ধারিত।

আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিমানের পক্ষে সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে একজন প্রতিনিধি চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

এই চুক্তির মাধ্যমে বিমানের বহর সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক রুটে সক্ষমতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।