টেলিভিশন এডিটরস কাউন্সিল গঠনে আহ্বায়ক কমিটি ঘোষণা
দেশের টেলিভিশন সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, সম্পাদকীয় স্বাধীনতা, নৈতিক সাংবাদিকতা এবং সংবাদ নেতৃত্ব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পেশাগত ঐক্য জোরদারের লক্ষ্যে “টেলিভিশন এডিটরস কাউন্সিল” গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা-এ আয়োজিত এক সভায় প্রস্তাবিত গঠনতন্ত্র ও সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করা হয়। সভায় অংশগ্রহণকারী বিভিন্ন টেলিভিশন সংবাদমাধ্যমের সম্পাদকীয় নেতৃত্ব পর্যায়ের সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
আহ্বায়ক কমিটিতে ড. আব্দুল হাই সিদ্দিক-কে আহ্বায়ক এবং সৈয়দ জুবায়ের আহমেদ বাবু-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি
১. লোটন একরাম (সম্পাদক, ডিবিসি নিউজ)
২. শফিক আহমেদ (বার্তা প্রধান ও সিওও, ৭১ টেলিভিশন)
৩. জিয়াউল কবির সুমন (বার্তা প্রধান, বৈশাখী টেলিভিশন)
৪. মোস্তফা আকমল (প্রধান বার্তা সম্পাদক, ইনডিপেনডেন্ট টেলিভিশন)
৫. মো. ফরহাদুল ইসলাম ফরিদ (নির্বাহী সম্পাদক, চ্যানেল নাইন)
৬. গাউসুল আজম বিপু (বার্তা প্রধান, গাজী টিভি)
৭. মহি উদ্দিন (বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা, দেশ টিভি)
সভায় বক্তারা বলেন, সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় পর্যায়ের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম সময়ের দাবি। টেলিভিশন এডিটরস কাউন্সিল দেশের টেলিভিশন সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ, স্বাধীনতা, নৈতিকতা ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
এছাড়া সংগঠনটির মাধ্যমে পেশাগত প্রশিক্ষণ, গবেষণা, মতবিনিময়, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আহ্বায়ক কমিটি শিগগিরই সংগঠনের পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ এবং পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে বলে সভায় জানানো হয়।





