দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনের কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়া এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থদের মাঝে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানের কারণে সাধারণ মানুষের চলাচলে কিছুটা অসুবিধা হচ্ছে বিবেচনায় রেখে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। তিনি বলেন, “যেহেতু এই অনুষ্ঠানটি সড়কের পাশে আয়োজন করা হয়েছে, তাই যান চলাচলে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। মানুষের কষ্টের কথা বিবেচনা করে আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছি।”
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত একে অপরের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করা। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে পারস্পরিক সহযোগিতা করে, তাহলে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন।
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
তারেক রহমান বলেন, “আসুন আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে দেশ গঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা কাজ করছেন, তাদের সহযোগিতা করি। একজন নাগরিক হিসেবে আমরা সবাই দেশের উন্নয়ন ও অগ্রগতির অংশীদার হতে পারি।”
সাংগঠনিক বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করার কথা জানিয়ে তিনি বলেন, “আজ আর দীর্ঘ বক্তব্য নয়। মানুষের চলাচলে অসুবিধার বিষয়টি মাথায় রেখে অনুষ্ঠান শেষ করছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম নিয়ে পৃথক সভা-সমাবেশে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হবে।”





