মন্ত্রী নয়, হাজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি: ধর্মমন্ত্রী কায়কোবাদ
পবিত্র হজ পালনকারী বাংলাদেশি হাজিদের সেবা ও কল্যাণ নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, হজের পুরো সময়জুড়ে তিনি নিজেকে মন্ত্রী নয়, বরং হাজিদের একজন ‘খাদেম’ হিসেবে বিবেচনা করে দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার রাতে সৌদি আরবের মক্কায় হজ-পরবর্তী সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে হাজিদের ‘খাদেম’ হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব যথাসাধ্য নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছেন।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হাজিদের সেবার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর উদ্যোগে বাংলাদেশি হাজিদের জন্য বিনামূল্যে লাগেজ র্যাপিং, বিশুদ্ধ পানিসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আরাফা ও মিনায় অবস্থানরত হাজিদের মাঝে জুস বিতরণের ব্যবস্থাও করা হয়।
তিনি আরও বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে এবারের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সফলতার পেছনে ধর্ম মন্ত্রণালয়, বাংলাদেশ হজ অফিস, চিকিৎসক দল, প্রশাসনিক কর্মকর্তা, হাব নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তবে সবচেয়ে বড় অবদান মহান আল্লাহর।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
হজ চলাকালে হাজিদের আবাসন, চিকিৎসা, পরিবহন ও অন্যান্য সেবাসংক্রান্ত বিষয় নিয়মিত তদারকি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশি হাজিরা যাতে নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন।
আগামী বছরের হজ ব্যবস্থাপনা আরও উন্নত, আধুনিক ও জনবান্ধব করতে এবারের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে বলেও জানান ধর্মমন্ত্রী।
সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে এবারের হজ সম্পন্ন হয়েছে। এ জন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।





