কিছু অনলাইন বিভ্রান্তিকর ফটোকার্ড দিয়ে জনমনে অস্থিরতার চেষ্টা করছে: অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান
ঈদুল আজহার ছুটির সময়ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কার্যক্রম তদারকি করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। একই সঙ্গে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন।
ঈদের ছুটির পর সোমবার (১ জুন) প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
আতিকুর রহমান রুমন বলেন, দেশের মানুষ যখন ঈদের ছুটি উদযাপনে ব্যস্ত ছিলেন, তখন প্রধানমন্ত্রী ও তার টিম সরকারি দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন। তিনি জানান, ঈদের পরদিন প্রধানমন্ত্রী নিজেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। কোথাও অব্যবস্থাপনা বা গাফিলতি চোখে পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সরকার দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারাও দিনরাত পরিশ্রম করছেন বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
গণমাধ্যম প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব এবং সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে কিছু ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মে যাচাইহীন তথ্য, বিভ্রান্তিকর ফটোকার্ড, খণ্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার করা হচ্ছে, যা ভুল বার্তা ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরির সুযোগ সৃষ্টি করতে পারে।





