শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬ | আপডেট: ৭:৫৫ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান

ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো ব্যক্তি যদি নির্ধারিত যোগ্যতা পূরণ করেন, তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে নির্বাচনী প্রচারণায় কোনো নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পরিচয় বা কার্যক্রম তুলে ধরা যাবে না।

তিনি বলেন, “একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেন, তাহলে তিনি প্রার্থী হতে পারবেন। কিন্তু প্রচারণায় যদি আওয়ামী লীগ বা সংগঠনটির রাজনৈতিক কর্মসূচি তুলে ধরেন, তাহলে সেটি ভিন্ন বিষয় হবে।”

আরও পড়ুন: ১৬ আগস্ট উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

আওয়ামী লীগের পদধারী কেউ নির্বাচনে অংশ নিলে কী হবে—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় পদ বা পরিচয় ব্যবহার করার সুযোগ নেই। তবে ব্যক্তি হিসেবে আইন ও নির্বাচনী বিধান অনুযায়ী যোগ্য হলে নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান এবং নির্ধারিত মানদণ্ড পূরণ করেন, তাহলে সরকারের পক্ষ থেকে তাকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।”

স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অংশগ্রহণের বিষয়টি নিয়ে চলমান আলোচনার মধ্যে উপদেষ্টার এ বক্তব্য নতুন করে গুরুত্ব পেয়েছে।