রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার
রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ হবে আদালতে: জাহেদ উর রহমান
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এর আগে দেশের আরও পাঁচটি জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলাগুলো হলো কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর এবং মৌলভীবাজার। সোমবার (২২ জুন) সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আরও পড়ুন: বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সম্ভাব্য যেকোনো নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সোমবার সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া দেশের অন্যান্য জেলায় প্রয়োজন দেখা দিলে দ্রুত মোতায়েনের জন্য বিজিবির অতিরিক্ত সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।





