১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন
বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
শুক্রবার (১৮ জুলাই) সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
আরও পড়ুন: গাসিকের মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহার
মাহদী আমিন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তাঁর ভাষ্য, মাত্র ১৫০ দিনের মধ্যেই বিভিন্ন মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জনের পাশাপাশি জনগণের আস্থা অর্জনেও সরকার সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, সরকার একই সঙ্গে নির্বাচনী ইশতেহার এবং জাতীয় জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। তিনি জানান, সরকারের ঘোষিত অঙ্গীকারগুলো ধাপে ধাপে বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সাবেক সরকারের সমালোচনা করে প্রেস সচিব বলেন, অতীতে উন্নয়নের ব্যাপক প্রচার থাকলেও বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে অবনতি হয়েছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়কে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
তিনি বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, মানসিক, নৈতিক ও পারিবারিক মূল্যবোধের বিকাশ ছাড়া টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব নয়।
প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বিশ্বাসী। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, মতপার্থক্য নির্বাচনী রাজনীতিতে থাকতে পারে, তবে দেশ গঠনের প্রশ্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই।





