গ্রেপ্তার মেজর (অব.) মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনের আওতায় জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে অবস্থান করছিলেন। দেশে ফেরার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়ার জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, একই মামলার অন্যান্য সহযোগীদের বিচার ইতোমধ্যে সামরিক আদালতে সম্পন্ন হয়েছে। সে সময়ের বিচারিক পর্যবেক্ষণ (ফাইন্ডিংস) রয়েছে, যা মেজর মোজাফফর হোসেনের বিচারেও বিবেচনায় নেওয়া হতে পারে।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সম্ভবত তার বিচার সম্পন্ন হবে। একই মামলায় আগে যারা দণ্ডিত হয়েছেন বা যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সেই রায়ের আলোকে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস রয়েছে কি না, সেটিও জেনারেল কোর্ট মার্শাল বিবেচনা করবে।’
তিনি আরও বলেন, সেনাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য। ফলে একই মামলার অন্যান্য আসামিদের মতো মোজাফফর হোসেনের বিরুদ্ধেও সেনা আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে কোনো বিষয় যদি সিভিল কোর্টের এখতিয়ারভুক্ত হয়, তাহলে তা প্রচলিত আইন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘একই ব্যক্তিকে একই ঘটনার জন্য দুটি পৃথক আইনে আলাদাভাবে বিচার করা যায় না। আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়াই অনুসরণ করা হবে।’





