কঠোর নজরদারিতে ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১,৭৭৩ পরীক্ষার্থী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৪৭ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কঠোর নিরাপত্তা ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট এলাকায় অবস্থিত বিএএফ শাহীন কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাখতে পরীক্ষাকেন্দ্রে একাধিক নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুন: বিদায়ী রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা স্পিকারের

পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথ ও ভেতরের বিভিন্ন স্থানে আর্থিক লেনদেন বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বানসংবলিত সতর্কতামূলক ব্যানার টাঙানো হয়। প্রবেশপত্র যাচাইয়ের মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং তাদের সঙ্গে কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস না থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। মাঠ পরীক্ষার সময় সংরক্ষিত ছবির সঙ্গে পরীক্ষার্থীদের পরিচয় মিলিয়ে হলে প্রবেশ করানো হয়।

পরীক্ষার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয়ভাবে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি ভিডিও ও স্টিল ক্যামেরায় পুরো পরীক্ষা কার্যক্রম ধারণ করা হয়। বিএএফ শাহীন কলেজের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি প্রতিটি পরীক্ষাকক্ষে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

আরও পড়ুন: রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: ‘গুজবে বিভ্রান্ত হবেন না’: মির্জা ফখরুল

অধিদপ্তর জানিয়েছে, একই দিন উত্তরপত্র মূল্যায়ন শেষে ভাইভা পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ফায়ার সার্ভিসের সরকারি ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

নিয়োগ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে লিখিত পরীক্ষার দিন ও আগের দিন জরুরি প্রয়োজন ছাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি সীমিত করা হয়। নির্ধারিত দায়িত্বপ্রাপ্তদের বাইরে অন্য কাউকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

নিয়োগ কমিটির সভাপতি পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেনের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা পরীক্ষা কার্যক্রম তদারকি করেন। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি সশরীরে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

নিরাপত্তা ব্যবস্থার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম. এ. আজাদ আনোয়ার, পিএসসি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনৈতিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছে।

উল্লেখ্য, এবার মোট শূন্য পদ রয়েছে ১৮১টি। এর মধ্যে ফায়ারফাইটার ১৬৫টি, নার্সিং অ্যাটেনডেন্ট ২টি, ড্রাইভার ১৩টি এবং ইঞ্জিন ড্রাইভার ১টি। প্রাথমিক বাছাই শেষে লিখিত পরীক্ষার জন্য ১ হাজার ৮৪২ জনকে নির্বাচিত করা হয়। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৭৭৩ জন।