এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ফল প্রকাশের জন্য ২০ জুলাই তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় নির্ধারিত দিনে ফল প্রকাশ সম্ভব হয়নি।
গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, নির্ধারিত দিনে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে ফল প্রকাশের প্রস্তুতি চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেছিলেন।
আরও পড়ুন: ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
এরও আগে ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরে প্রশাসনিক প্রস্তুতির কারণে সেই সময়সূচিতে পরিবর্তন আনা হয়।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: এলএনজি সংকটে অচল শিল্প, রান্নাঘরে হাহাকার—আর কতদিন এভাবে?
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।
ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং নির্ধারিত অনলাইন মাধ্যমের মাধ্যমে ফল জানতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা ফল প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দেবে।





