ফের মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় সড়কে অবস্থান নেন তারা। শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।
আরও পড়ুন: সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
এর আগে রোববারও ন্যূনতম মাসিক মজুরির দাবিতে মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। তবে ওই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, সোমবার সকালে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ১৪ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫.০০ পেলেন গৃহবধূ রীতি





