এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক গড়বে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৪৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কোনো দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে না বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, দেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার নীতি অনুসরণ করছে সরকার।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ কোনো ধরনের অনুমান বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় না। বরং বাস্তবতা ও জাতীয় স্বার্থের আলোকে পররাষ্ট্রনীতি পরিচালিত হয়।

তিনি বলেন, কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কোনো দেশের পরিপ্রেক্ষিতে ‘জিরো-সাম গেম’ নয়। একজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে আরেকজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা বাংলাদেশের নীতি নয়। সব দেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ন রেখে এবং জাতীয় স্বার্থকে এগিয়ে নিয়ে সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

খলিলুর রহমান আরও বলেন, একটি দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন মানেই অন্য একটি দেশের সঙ্গে সম্পর্কের অবনতি নয়। চীনে বাংলাদেশের সাম্প্রতিক সফর অত্যন্ত ইতিবাচক হয়েছে। একইভাবে ভবিষ্যতে প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে সেটিও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হয়েছে। এসব আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সম্পর্ক শুধু একটি দেশের সঙ্গে সীমাবদ্ধ নয়; বরং বহু দেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠেছে। জাতীয় স্বার্থ যেখানে থাকবে, বাংলাদেশ সেখানেই অগ্রাধিকার দেবে।