এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিলেন চিংফেং ঝাং
বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চিংফেং ঝাং। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকায় তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন। এডিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে সংস্থাটির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কার্যক্রমের নেতৃত্ব দেবেন চিংফেং ঝাং। তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির দীর্ঘদিনের অংশীদারত্ব আরও শক্তিশালী করবেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কৌশলগত নীতি সংলাপে নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশের জন্য এডিবির পরবর্তী উন্নয়ন কৌশল প্রণয়নে দিকনির্দেশনা দেবেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর চিংফেং ঝাং বলেন, বাংলাদেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সময়ে এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতে পারা তার জন্য অত্যন্ত গৌরবের। তিনি উল্লেখ করেন, গত কয়েক দশকে বাংলাদেশ বিভিন্ন প্রতিকূলতা সফলভাবে মোকাবিলা করে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে।
আরও পড়ুন: আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
তিনি বলেন, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, দুর্যোগ ও অন্যান্য প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা জোরদার, বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশ সরকার ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে এডিবি। উন্নত অর্থায়ন ব্যবস্থা, জ্ঞানভিত্তিক সমাধান এবং কার্যকর বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নযাত্রায় সংস্থাটি সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি
টেকসই উন্নয়ন খাতে চিংফেং ঝাংয়ের ৩০ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে ২০ বছরের বেশি সময় তিনি এডিবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কৃষি, খাদ্যব্যবস্থা, পানিসম্পদ, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ এবং গ্রামীণ উন্নয়ন খাতে রূপান্তরমূলক কর্মসূচি বাস্তবায়ন ও কৌশলগত উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি সরকার, উন্নয়ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আরও পড়ুন: কোনো চক্রের প্রভাব না দেখে মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী
বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে তিনি এডিবির অ্যাগ্রিকালচার, ফুড, নেচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেক্টর অফিসের সিনিয়র ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ওই পদে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই ও জলবায়ু-সহনশীল উন্নয়ন এগিয়ে নিতে এডিবির কৌশলগত কার্যক্রমে নেতৃত্ব দেন।
চীনের নাগরিক চিংফেং ঝাং সিনহুয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ প্রকৌশলে ডক্টরেট, সিচুয়ান বিশ্ববিদ্যালয় থেকে পানিসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং হাইড্রোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া হার্ভার্ড বিজনেস স্কুল থেকে বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণও নিয়েছেন তিনি।
বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবির সদস্যপদ লাভ করে। ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে এডিবির চলমান সরকারি ও বেসরকারি খাতের অনুদান ও প্রকল্প অর্থায়নের পরিমাণ প্রায় ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা সংস্থাটির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কর্মসূচি। বাংলাদেশের উন্নয়নে এ পর্যন্ত প্রায় ৪৩ বিলিয়ন ডলার ঋণ ও অনুদান অনুমোদন করেছে এডিবি।
এডিবি জানিয়েছে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বছরে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদনের পরিকল্পনা রয়েছে।





