জুলাই সনদের আলোকেই আইন সংস্কার বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
আইনমন্ত্রী বলেন, প্রস্তাবনার আলোকে ১৩৩টি অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয়। সেই অধ্যাদেশগুলোর মধ্যে প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি। বাকি যেগুলো রয়েছে, সেগুলোর জন্য আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি। সেই কমিটি জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেবে।
হবিগঞ্জে এনসিপির মামলা প্রসঙ্গে তিনি বলেন, আদালত, আইন ও পুলিশ বিভাগ যদি নিয়ন্ত্রণে থাকত, তাহলে তো মামলা হতো না। মামলা হয়েছে, সেটি আইন অনুযায়ী তদন্ত হবে এবং যারা দোষী, তাদের শাস্তি হবে।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে আইনগত যতটুকু পদক্ষেপ নেওয়া সম্ভব, ততটুকু করা হয়েছে। এখন তিনি বলেছেন, তিনি নিজেই আসবেন। তিনি বাংলাদেশে এলে আইনের কাছে সোপর্দ হবেন এবং আইন অনুযায়ী তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করব না।
সম্পত্তির আইনি বণ্টন নিয়ে তিনি বলেন, আমরা আইনসংগতভাবে এগোতে চাই। পাকিস্তান সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট এবং আমাদের দেশেও কিছু মামলায় এমন নজির রয়েছে যে, বাবা-মা সন্তানকে সম্পত্তি দান করার পর নিজেদের জন্য কিছুই অবশিষ্ট থাকে না এবং শেষ জীবনে অসহায় হয়ে পড়েন। শেষ জীবনে যাতে তারা অসহায় না হন, সেই বিষয়টি আইনের মাধ্যমে সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হবে।





