সব অংশীজনের মতামতে চূড়ান্ত হবে সংবিধান সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:০৪ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই আন্দোলনের সব অংশীজনের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতেই সংবিধান সংশোধনের চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি।

মঙ্গলবার (৪ আগস্ট) সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি।

আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপি, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আন্দালিভ রহমান এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি, সাকিলা ফারজানা এমপি এবং মো. মাহমুদুল হক রুবেল এমপি উপস্থিত ছিলেন।

সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কমিটির সদস্যরা এ বৈঠককে জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন।

আরও পড়ুন: পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

কমিটি জানায়, সংবিধান সংশোধনের বিষয়ে জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য, সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সদস্য, বিরোধী দলের প্রতিনিধি এবং অন্যান্য অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা করা হবে।

কমিটির অভিমত, সংবিধান সংশোধন এমনভাবে সম্পন্ন করা হবে যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের এই প্রক্রিয়ার অংশীদার মনে করেন। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর ও কল্যাণকর সংবিধান নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৈঠকে আরও উল্লেখ করা হয়, জুলাই চেতনা ও জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হবে।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং আইন মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।