সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এক শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানানো হয়েছে। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে সরকার নিহতদের পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে।
আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী
মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী নিহতদের পরিবার ও সংশ্লিষ্টদের সহায়তা দেওয়া হবে।
প্রসঙ্গত, রোববার রাতে রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য জানা যেতে পারে।





