রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, কমল বাণিজ্যিক প্রতিষ্ঠানের সময়সীমা
বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার ওপর চাপ কমাতে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাটের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।
বুধবার (১২ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় নতুন সময়সূচির বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: প্রকৌশলী মনিরুজ্জামান সড়ক ও জনপথ অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী
এর আগে বিদ্যুৎ বিভাগের গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী, মার্কেট, শপিংমল ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। তবে বিদ্যুৎ পরিস্থিতি ও সামগ্রিক ব্যবস্থাপনা বিবেচনায় এবার সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়েছে।
নতুন নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে চলমান বা অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী
এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। একই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের আলোকসজ্জা ও লাইটিংও সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে জরুরি সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই সময়সূচির আওতামুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে খাবারের হোটেল ও রেস্তোরাঁ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি এবং জরুরি ওষুধ ও চিকিৎসাসংশ্লিষ্ট অন্যান্য দোকান।
সংশ্লিষ্টদের মতে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমানো এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতেই সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতি ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।





