বেকারদের জলাশয় ব্যবহারের সুযোগ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: প্রধানমন্ত্রী
মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার অনুসন্ধানের জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত সরকারের: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন নদী-নালা, খাল-বিল, পুকুর ও হাওর অনেক জায়গায় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সরকার এসব জলাশয় সংস্কার করে মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট এলাকার বেকার তরুণদের মধ্যে এসব জলাশয় ব্যবহারের সুযোগ বণ্টন করা হবে। এর মাধ্যমে তাদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণ পদক) প্রদান করেন প্রধানমন্ত্রী। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য—‘রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।
আরও পড়ুন: বন্ধ চিনিকল পর্যায়ক্রমে চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে: বিএসএফআইসি চেয়ারম্যান
দেশের মৎস্য সম্পদ রক্ষায় হাওর ও জলাশয়ের পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের সঙ্গে জড়িত। মাছের উৎপাদন ও প্রজনন ঠিক রাখতে হলে জলাশয়ের পরিবেশ রক্ষা করতে হবে।
তিনি বলেন, বিভিন্ন ধরনের আবর্জনা, টিস্যু পেপার ও প্লাস্টিকের বোতল ফেলার কারণে খাল-বিল, নদী-নালা এবং হাওর-জলাশয়ের পরিবেশ ক্রমেই দূষিত হচ্ছে। পরিবার, পরিবেশ, মাছ ও পানি রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মৎস্য খাতের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের প্রায় ৫২টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৬ হাজার কোটি টাকার বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি বলেন, মোট জলজ প্রাণী উৎপাদনে বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
মৎস্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খুলনা অঞ্চলে ৩০০টি ক্লাস্টার গঠনের মাধ্যমে ইতোমধ্যে ৭ হাজার ৫০০টি ঘেরে উৎপাদন বাড়ানো হয়েছে। পাশাপাশি কক্সবাজারের চকরিয়ায় ৭ হাজার একর জমিতে ‘শ্রিম্প সিটি’ বাস্তবায়নে মাস্টারপ্ল্যান ও অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।
তিনি বলেন, দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় ১০ শতাংশ, যা জাতীয় জিডিপির ১ শতাংশের বেশি। বিগত বিএনপি সরকারের সময়ে প্রবর্তিত ‘ইলিশ ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান’-এর ধারাবাহিকতায় দেশে ইলিশ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল। মৎস্যচাষিদের কৃষক কার্ড দেওয়া, জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরে প্রথমবারের মতো সুন্দরবন ও হাওর অঞ্চলে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে জেলেদের ভিজিএফ সহায়তার আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।
প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে সরকার ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সম্ভাবনাময় স্টার্টআপ ও নতুন শিল্প উদ্যোক্তাদের জন্য এ ফান্ড থেকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। নতুন উদ্যোক্তাদের এই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে নিত্যনতুন পণ্যের বাজার খুঁজে বের করতে হবে। গত জুনে বাংলাদেশের হ্যাচিং ডিম প্রথমবারের মতো নাইজেরিয়ায় রপ্তানি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নতুন বাজার অনুসন্ধানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদফতরের মহাপরিচালক মো. খালেদ কনক বক্তব্য দেন।
জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।





