জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র জারি

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:১০ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে ভুয়া অফিস আদেশ জারি করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর চাকরিপ্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি মন্ত্রণালয়ের নজরে আসা ওই ভুয়া অফিস আদেশে মো. রেদুয়ান আহম্মেদ নামে এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

১০ আগস্ট তারিখে জারি করা ওই ভুয়া আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনবল সংকট মোকাবিলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদের বিপরীতে সরকারি বিধি অনুসরণ করে রাজস্ব খাতে বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন স্কেলে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নিয়োগ ১১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসন-১ শাখা থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি করা হয়নি। উপসচিব শরিফুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা ছাড়া সরাসরি জনবল নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, প্রাণহানি বেড়ে ৯১৮

তাই চাকরির প্রলোভনে পড়ে কোনো অসাধু ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন কিংবা কোনো ধরনের চুক্তি না করার জন্য চাকরিপ্রার্থীদের সতর্ক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিতভাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ প্রক্রিয়ায় অনলাইনে আবেদন নেওয়া হয়। পাশাপাশি নিয়োগের বিভিন্ন পর্যায়ের তথ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd)-এর মাধ্যমে জানানো হয়।

মন্ত্রণালয় বলছে, চাকরিপ্রার্থীদের সরলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র বিভিন্ন সময় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ আদেশ তৈরি করে প্রতারণা করছে। এ কারণে চাকরিপ্রার্থীদের চাকরি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

প্রজ্ঞাপন দেখতেএখানে ক্লিক করুন