রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন: জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ।
সোমবার (১৭ আগস্ট) রিটটির আদেশ দেওয়ার জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেছিলেন আদালত। এর আগে গত বৃহস্পতিবার সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
আরও পড়ুন: কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কোনো সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। তবে এ কারণে পরবর্তী নির্বাচনে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে তিনি অযোগ্য হবেন না।
রিটকারী আইনজীবীর দাবি, সংবিধানের এই বিধানের কারণে সংসদ সদস্যরা নিজেদের বিবেচনা অনুযায়ী স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এতে তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে বলে রিটে উল্লেখ করা হয়।
তবে এসব বিষয় তুলে ধরে ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।





