মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন মুখ, পাঠানো হয়েছে ছয় গাড়ি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:৫৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও কয়েকজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন বা রদবদল হতে পারে। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ানো হবে।

আরও পড়ুন: টিকিট ও খোলার সময় নিয়ে ভোগান্তি-অভিযোগ

এদিন দুজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিতে পারেন। তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেওয়ার জন্য ফোন পাওয়ার বিষয়টি তাঁর পিএস বাহাউদ্দিন ভূইয়াঁ মিল্টন নিশ্চিত করেছেন।

এ ছাড়া মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। দলটির মহাসচিব আব্দুল মতিন সাউদ জানিয়েছেন, পার্থ তাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেওয়ার জন্য ফোন পাওয়ার বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

গত ফেব্রুয়ারিতে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেয় আন্দালিভ রহমান পার্থের দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

এদিকে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য পরিবহন অধিদপ্তর থেকে মন্ত্রিপরিষদ বিভাগে ছয়টি গাড়ি পাঠানো হয়েছে। পরিবহন কমিশনার কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নতুন করে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়াবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাঁদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তবে তাঁরা মন্ত্রিসভার সদস্য নন।