নেপালের বন্যায় এখনো কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সরকার তাদের উদ্ধারে ও প্রয়োজনীয় সহায়তায় যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: সেপ্টেম্বরে তফসিল, নভেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: সিইসি
এর আগে বৃহস্পতিবার সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেন খলিলুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেশটির সরকার ও জনগণের প্রতি সহমর্মিতা ও শোক জানানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে খলিলুর রহমান জানান, দেশটির কর্তৃপক্ষ এখনো দুর্যোগের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে। কী ধরনের সহায়তা প্রয়োজন, তা বৃহস্পতিবার সন্ধ্যা অথবা শুক্রবারের মধ্যে জানানো হতে পারে।
আরও পড়ুন: রাষ্ট্রীয় দায়িত্বে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
বাংলাদেশিদের বিষয়ে জানতে চাওয়ার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, তা নেপালের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছে। কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাদের বিষয়ে বাংলাদেশকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করা হবে। প্রয়োজন হলে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হবে। এ জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে খলিলুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের নাম পাওয়া যায়নি। তবে জীবিত বা মৃত অবস্থায় কোনো বাংলাদেশির সন্ধান পাওয়া গেলে নেপাল সরকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।





