দাপ্তরিক গতিশীলতা ও স্বচ্ছতা বাড়াতে বিএসএফআইসির প্রশিক্ষণ কর্মশালা
প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, আইনগত বিষয় সঠিকভাবে পরিচালনা এবং সরকারি বিধিবিধান পালনে কর্মকর্তাদের সচেতনতা বাড়াতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর চিনিশিল্প ভবনের নবম তলায় ‘মামলা পরিচালনা, বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) লিখন, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ (সংশোধিত) এবং অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: তিন বছরে বন্ধ চার শতাধিক গার্মেন্টস, তৈরি হচ্ছে তালিকা: বাণিজ্যমন্ত্রী
কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক ও বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএফআইসির চেয়ারম্যান বলেন, প্রশাসনিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের সার্ভিস রুলস, শৃঙ্খলা বিধি এবং অফিস ব্যবস্থাপনা বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি।
আরও পড়ুন: ভালো কাজের মূল্যায়ন করতে হবে: ফায়ার সার্ভিস মহাপরিচালক
তিনি বলেন, সঠিক নিয়মে মামলা পরিচালনা এবং বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) মূল্যায়ন প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মকর্তারা নিজ নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব ও বিএসএফআইসির পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান, যুগ্মসচিব ও পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) মোহাম্মদ সাঈদ-উর-রহমান, যুগ্মসচিব ও পরিচালক (অর্থ) তাহমিনা আক্তার, পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম, সংস্থার সচিব মোহাম্মদ মুজিবুর রহমানসহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও বিএসএফআইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিএসএফআইসির মোট ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষকরা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ (সংশোধিত)-এর হালনাগাদ প্রয়োগ, সরকারি নথি ব্যবস্থাপনা এবং মামলা পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক দিক নিয়ে প্রশিক্ষণ দেন।





