ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:২৯ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুদিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটি তার প্রথম নিজ জেলা সফর। তাকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করেন রাষ্ট্রপতি। এ সময় নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়কসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

আরও পড়ুন: লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

পরে স্টেডিয়াম থেকে সড়কপথে সার্কিট হাউসে যান মির্জা ফখরুল। সেখানে তাকে সশস্ত্র সালাম ও গার্ড অব অনার দেওয়া হয়।

সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষ করে রাষ্ট্রপতি মা-বাবার কবর জিয়ারত করেন। এ সময় তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর তিনি তাঁতীপাড়ায় নিজের পৈতৃক বাসভবনে যান।

আরও পড়ুন: ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ দ্রুত উন্নয়নের নির্দেশনা প্রধানমন্ত্রীর

পৈতৃক বাড়িতে মধ্যাহ্নভোজ ও কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা নাগরিক কমিটির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছে। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ার পর প্রিয় নেতাকে নিজ মাটিতে দেখতে পেরে স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস।