ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৪৮ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সরকারি সফরে রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

রাষ্ট্রপতির আগমন ঘিরে ইতোমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো ঠাকুরগাঁও। শহরের বিভিন্ন স্থানে ফেস্টুন, ব্যানার ও নানা সাজসজ্জা করা হয়েছে। সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সমন্বিতভাবে কাজ করছে।

আরও পড়ুন: লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সফরসূচি অনুযায়ী, ঠাকুরগাঁওয়ে পৌঁছে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। এরপর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করার কথা রয়েছে তার। পরে নিজ বাসভবনে অবস্থান করবেন তিনি।

বিকেলে ঠাকুরগাঁও সরকারি জেলা স্কুল মাঠে নাগরিক কমিটির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন: ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ দ্রুত উন্নয়নের নির্দেশনা প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতির সফরের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এরপর জামালপুর ইউনিয়নের মহেশখালী এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইসরাফিল শাহিন এ তথ্য জানিয়েছেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সার্কিট হাউসে ফিরে গার্ড অব অনার গ্রহণ করার কথা রয়েছে রাষ্ট্রপতির। পরে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন তিনি।

ঠাকুরগাঁও নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মোহাম্মদ খায়রুল কবির জানান, রাষ্ট্রপতির সফরকে ঘিরে গণসংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান সফল করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

জেলা প্রশাসক রফিকুল হক জানান, রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফরকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।