ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৭১

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:১১ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৫ হাজার ৩৯৪ জন।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৩ জন রয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২২৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ১৫৩ জন, চট্টগ্রামে ১৯৮ জন, খুলনায় ২৩৫ জন, ময়মনসিংহে ৮১ জন, রংপুরে ৩৬ জন, রাজশাহীতে ৯৯ জন এবং সিলেটে পাঁচজন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: বাঁধনের ওপর হামলা, ‘অমার্জনীয় ও নিন্দনীয়’ বললেন ডেপুটি স্পিকার

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) ডেঙ্গুতে চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। একদিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি নতুন রোগী ভর্তির সংখ্যাও উল্লেখযোগ্য রয়েছে।

এদিকে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী তিন মাসের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচিটির উদ্বোধন করবেন।

মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী জানান, আগামী তিন মাসকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হিসেবে বিবেচনা করে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে।

তিনি বলেন, শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনাও দেন তিনি।