কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি পদে দুই সেনা কর্মকর্তার নিয়োগ বাতিল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৩ পূর্বাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে কর্নেল মো. সাইদুল ইসলামকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার নিয়োগের প্রজ্ঞাপন জারির পরই তা বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না: ডিএমপি কমিশনার

নতুন কারা মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে কর্নেল মো. সাইদুল ইসলামকে নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের মাধ্যমে এই দুই সেনা কর্মকর্তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। একই সঙ্গে তাদের কারা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ দুই পদে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

আরও পড়ুন: একদিনে রাজধানীসহ দুই জেলায় ৬ মরদেহ

এর আগে মোস্তফা কামাল কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং সাইদুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পান।

তবে নিয়োগের প্রজ্ঞাপন জারির পর সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, দুই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে নতুন করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হলেও সেটি এখনো জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

তবে নিয়োগ দেওয়ার দিনই প্রজ্ঞাপন বাতিল করার পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাসপাতালে থাকার কথা জানিয়ে ওয়েবসাইট দেখে বিষয়টি জানতে বলেন। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এর আগে গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এরপর কারা অধিদপ্তরের শীর্ষ পদে নতুন নিয়োগ নিয়ে প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চলছিল।

দুই সেনা কর্মকর্তার নিয়োগ বাতিলের পর বর্তমানে কারা অধিদপ্তরের শীর্ষ পদে পরবর্তী সিদ্ধান্ত কী হয়, সেটিই এখন দেখার বিষয়।