কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তথ্য কাজে লাগানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তারে কার্যকর ভূমিকা রাখলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বা আইনের আওতায় আসার মতো অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে পুলিশের নিজস্ব গোয়েন্দা সক্ষমতা যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ও সরকারের ভাষায় ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের আইনের আওতায় আনতে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করা হবে। সম্প্রতি কয়েকজনকে গ্রেপ্তারের কথাও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
পুলিশের গোয়েন্দা তথ্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি দেশের বিভিন্ন স্থানে অবস্থান করলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তথ্য আরও কার্যকরভাবে ব্যবহার করা প্রয়োজন। এ ক্ষেত্রে পুলিশের নিজস্ব তথ্যব্যবস্থা কাজে লাগানোর নির্দেশ দেন তিনি।
দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ফেরানোর উদ্যোগ
শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রতিবেশী দেশের কাছে শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কেউ স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে। তাদের বিরুদ্ধে আদালতের প্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হবে।
পুলিশ সদস্যদের পদক প্রদান
পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক দেওয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশ সপ্তাহ ২০২৬-এর বিভিন্ন কর্মসূচিতে পুলিশের পেশাদারত্ব, শৃঙ্খলা, অপরাধ দমন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।





