৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩০ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় অংশ নিয়ে নয়াপল্টন থেকে প্রায় ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।

আরও পড়ুন: কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না

এর আগে শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায়।

আরও পড়ুন: শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা: স্বাস্থ্যমন্ত্রী

এর আগে সকাল থেকেই শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা।

ঢাকার পাশাপাশি শনিবার দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও শোভাযাত্রা আয়োজন করেছে বিএনপি। আগামীকাল রোববার (৮ নভেম্বর) থানা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।