সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকায় তাঁর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫-৬ জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে নিচতলায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
আরও পড়ুন: গাজীপুরে নাশকতার আশঙ্কায় ৮০ জন গ্রেপ্তার, পেট্রোলসহ আটক আওয়ামী লীগ নেতা
চকসিংগা গ্রামের স্থানীয় ব্যবসায়ী শামসুল ইসলাম জানান, দুর্বৃত্তরা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে নিচতলায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত চলে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, আগুন দিয়ে চলে যাওয়া ব্যক্তিরা আড়ানী বা আশপাশের এলাকার বাসিন্দা বলে মনে হয়নি। তাদের সবাইকে বহিরাগত মনে হয়েছে।
আরও পড়ুন: গণভোটের রায় বাস্তবায়নের শর্তে রাজপথে থাকবে ১১ দলীয় ঐক্য
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারিও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর থেকে বাড়িটিতে আর কেউ বসবাস করেন না।





