খালেদা জিয়ার কফিন কাঁধে তুললেন ড. মিজানুর রহমান আজহারী
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এই জানাজায় লক্ষাধিক মানুষ অংশ নেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
আরও পড়ুন: শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী
জানাজা শেষে বেগম খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিতে দেখা যায় জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে। এ সময় সেখানে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে নেওয়া হয়, যেখানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন: গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
এ জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ দেশের বিশিষ্ট আলেম ও ব্যক্তিবর্গ।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।





