বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ, নেতৃত্বে বড় সিদ্ধান্তের ইঙ্গিত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:২৯ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আজ রাতেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

দলীয় সূত্র জানায়, এটি পূর্বনির্ধারিত কোনো নিয়মিত বৈঠক নয় এবং এতে নির্দিষ্ট কোনো এজেন্ডাও ঘোষিত হয়নি। তবে বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এই বৈঠকেই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দলীয়ভাবে শোকাবহ সময় পার করলেও নতুন বছর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতৃত্বের বিষয়টি দ্রুত চূড়ান্ত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা

দলটির নীতিনির্ধারণী মহল সূত্রে জানা গেছে, বিএনপির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাই তারেক রহমানকে পূর্ণাঙ্গভাবে দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করার বিষয়ে পরামর্শ দিয়েছেন।

এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।