আজ জরুরি বৈঠকে বসছে জামায়াত
ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে আজ শনিবার (১৭ জানুয়ারি) জরুরি বৈঠকে বসছে জামায়াতে ইসলামীর নীতি নির্ধারণী ফোরাম। তবে আসন সমঝোতায় ফাঁকা রাখা ৪৭টি আসন নিয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানানো হবে না বলে জানিয়েছে জামায়াতসহ ১০ দলীয় জোট।
জানা গেছে, শনিবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি আসন সমঝোতার দায়িত্বে থাকা শীর্ষ নেতারা অংশ নেবেন। বৈঠক শেষে ১০ দলীয় জোটের লিঁয়াজো কমিটির একটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী
এর আগে বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১০ দল ২৫৩টি সংসদীয় আসনে সমঝোতার ঘোষণা দেয়। সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলেও জানানো হয়েছিল।
তবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। পাশাপাশি বাকি ৩২টি আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথাও জানায় দলটি।
আরও পড়ুন: গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও বৈঠকে বসতে পারে ১০ দলীয় জোটের নেতারা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দলটিকে ১১ দলীয় জোটে রাখার চেষ্টা চলবে। সেই প্রচেষ্টা ব্যর্থ হলে, ফাঁকা থাকা ৪৭টি আসনে পরবর্তী সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে জোটটি।





