শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজার জিয়ারত ও মোনাজাত করেন। এরপর সেখানকার মসজিদে ইশার জামাজ আদায় করেন।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। রাত ৮টার দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
আরও পড়ুন: শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাতে সংবাদমাধ্যমে বলেন, বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে অংশ নিতে তারেক রহমান সিলেট পৌঁছেছেন।
এদিন সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ঢাকার গুলশানের বাসা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
আরও পড়ুন: গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসানসহ কয়েকশ নেতাকর্মী।
বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি হযরত শাহজালাল (র.)-এর মাজারে যান তারেক রহমান। সেখান থেকে যাবেন খাদিমনগরে হযরত শাহপরানের মাজারে।
মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাবেন তিনি। সেখানে কিছু সময় অবস্থানের পর শহরের ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে’ উঠবেন তিনি। সেখানেই তার রাত্রিযাপনের কথা।
আগামীকাল (বৃহস্পতিবার) সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।





