মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:০৭ অপরাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, গত ১৭ বছরে তার নির্বাচনী এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি নির্বাচিত হলে এলাকাকে এসব অপশক্তি থেকে মুক্ত করার অঙ্গীকার করেন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: মারা গেছেন সাবেক এমপি সেলিমা আহমাদ

মির্জা আব্বাস বলেন, “গত ১৭ বছর আমার এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি শেষ করে দিয়েছে। আমি কথা দিচ্ছি—নির্বাচিত হলে আমার এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত করবো।”

নির্বাচন ঘিরে বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সরকারের কিছু মহল ও প্রতিদ্বন্দ্বী পক্ষের কথাবার্তায় ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। তিনি বলেন, “কিছু বক্তব্য শুনে মনে হচ্ছে—ডাল মে কুছ কালা হ্যায়। একজন স্বতন্ত্র প্রার্থী বলেছেন, ঢাকা শহরে তারা আমাদের একটি সিটও দেবে না। প্রশ্ন হলো, সিট দেওয়ার মালিক তারা কে? আল্লাহ এবং জনগণই এই দেশের সিটের মালিক।”

আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর শোক

বিএনপির এই নেতা আরও বলেন, তাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে নানা কৌশল অবলম্বন করা হচ্ছে। “আমার বিরুদ্ধে মিথ্যা ডকুমেন্ট ছড়ানো হচ্ছে, এআই দিয়ে ভুয়া কনটেন্ট তৈরি করা হচ্ছে। বটবাহিনী দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ভরে ফেলা হয়েছে। এই ধরনের অপতৎপরতা জাতির জন্য কখনোই কল্যাণকর হতে পারে না,” বলেন তিনি।

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের বক্তব্যে অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী মনোভাব স্পষ্ট। “বিশেষ কোনো শক্তি তাদের পেছনে কাজ করছে বলে মনে হচ্ছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু করার চেষ্টা চলছে। তবে জনগণ এসব ষড়যন্ত্র প্রতিহত করবে,” বলেন তিনি।