হয়তো একদিন শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:০৪ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামনে এমন পরিস্থিতিও আসতে পারে যখন মানুষকে শুনতে হবে—জামায়াতে ইসলামী নাকি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। তিনি অভিযোগ করেন, দেশে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা চলছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: দোয়া চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল—বাংলাদেশ জামায়াতে ইসলামী—যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, সম্প্রতি জামায়াতের আমির যে বক্তব্য দিয়েছেন, তাতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি; বরং কর্নেল (অব.) অলি আহমদ তা দিয়েছেন—যা ঐতিহাসিকভাবে বিতর্কিত ও বিভ্রান্তিকর।

তিনি আরও বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের কাছ থেকে ইতিহাস বিকৃতির চেষ্টা আসা অস্বাভাবিক নয়। তবে দেশের মানুষ প্রকৃত ইতিহাস জানে। জনগণ বুঝে যে, নতুন করে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে তুলে ধরার এই প্রচেষ্টা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি।

আরও পড়ুন: ‘ভোটে জিতলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা দিবে তারেক রহমান’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা অভিযোগ করেন, জামায়াতে ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে তাকে ব্যবহার করছে, যেন একটি সাইনবোর্ড দেখিয়ে বলা যায় তাদের দলে মুক্তিযোদ্ধা আছে। তার ভাষায়, একজন মুক্তিযোদ্ধাকে কার্যত ‘ভাড়া’ করে নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে, যা প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই মেনে নেবেন না।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সব দেশপ্রেমিক মানুষ এবং স্বাধীনতার পক্ষের শক্তি এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে দায়িত্ববোধ থেকেই তিনি এই বক্তব্যগুলোর বিরুদ্ধে শালীন কিন্তু দৃঢ় ভাষায় প্রতিবাদ জানাচ্ছেন বলে উল্লেখ করেন।

নারীদের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সম্প্রতি কর্মজীবী নারীদের নিয়ে যে বক্তব্য ও প্রস্তাব দেওয়া হয়েছে, তা নারীদের জন্য অপমানজনক। কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাবকে তিনি নারীদের কল্যাণ নয়, বরং তাদের কর্মসংস্থান ধ্বংসের একটি পরিকল্পনা বলে আখ্যা দেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।