বরিশাল ও ফরিদপুরের জনসভায় তারেক রহমান
খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে নতুন করে একটি ‘জালিম শক্তি’ আবির্ভূত হয়েছে এবং তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি অভিযোগ করেন, একটি দলের নেতারা নারী সমাজকে সম্মান করে না এবং আপত্তিকর বক্তব্য দিয়ে পরে সেটিকে ‘হ্যাক’ বলে দাবি করছে। তবে বিশেষজ্ঞদের যাচাইয়ে হ্যাকিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। প্রায় দুই দশক পর বরিশাল সফরে গিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপি প্রধান।
আরও পড়ুন: শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী
তারেক রহমান বলেন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে জাল ব্যালট পেপার ছাপানোর চেষ্টা চলছে এবং বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে। একটি দলের কর্মীরা ব্যালট পেপার নিয়ে কারচুপি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, ইসলামের ইতিহাসেও কর্মজীবী নারীর উদাহরণ রয়েছে। তাই নারীদের ঘরে বন্দি রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে বলেন, জনগণই সব ক্ষমতার উৎস।
আরও পড়ুন: গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
তারেক রহমান আরও বলেন, একটি দল নতুনভাবে মানুষের অধিকার খর্ব করার চেষ্টা করছে। যারা দেশের মা-বোনদের অসম্মান করে, তারা রাষ্ট্র পরিচালনায় সক্ষম নয় বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তিনি দেশের উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। বিএনপি ক্ষমতায় এলে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে পরিবারভিত্তিক আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হিমাগার নির্মাণের পরিকল্পনার কথাও জানান।
দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচিত হলে ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা হবে। ভোলার গ্যাস ব্যবহার করে শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ভোলায় মেডিক্যাল কলেজ স্থাপন ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। নদীভাঙন প্রতিরোধেও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন।
এদিন বরিশালের জনসভা শেষে ফরিদপুরে আরেক নির্বাচনী সমাবেশে অংশ নেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ফরিদপুরকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন করা হবে। নদীভাঙন রোধে স্থায়ী পরিকল্পনা গ্রহণ এবং শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি পদ্মা নদী ঘিরে ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন, যাতে কৃষকদের সেচ সমস্যার সমাধান হয়। পাশাপাশি জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।





