তারেক রহমানকে সমর্থন জানিয়ে ৪ স্বতন্ত্র প্রার্থী ভোট থেকে সরে দাঁড়ালেন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তারা।
আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ঢাকা-১৭ আসনের চার প্রার্থীর মধ্যে দু’জন স্বশরীরে উপস্থিত ছিলেন। বাকি দু’জন ঢাকায় না থাকায় টেলিফোনে কথা বলেছেন এবং তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ বলেন, “এই পর্যায়ে আমি তারেক রহমানকে সমর্থন দিচ্ছি একটি মাত্র রাজনৈতিক কারণে—দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে নির্বাচনে জয়লাভ করানো। আমাদের দেশে যে সাম্প্রদায়িক শক্তি এবং ৭১-এর যে শক্তি, তারা বর্তমানে মাথাচাড়া দিয়ে উঠছে। নানা রকম চিন্তাভাবনার মাধ্যমে তারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তারা ফিরে যেতে চায় ৫৪ বছর আগে। এজন্য আমি তারেক রহমানকে সমর্থন দিচ্ছি।”
আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা
ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ বলেন, “আমি আজকে একটি স্লোগান সমর্থন করতে এসেছি—সবার আগে বাংলাদেশ। যারা আমাকে সমর্থন করেছেন এবং ভোট দেওয়ার অগ্রাধিকার দিয়েছেন, তাদের উদ্দেশ্যে আহ্বান, ধানের শীষে ভোট দিলে আমার ভোট সঠিকভাবে গণনা হবে।”
তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী হলেন— সাবেক সংসদ সদস্য ও বিএনএফ প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।





