ভোট দিয়ে কেন্দ্র ছাড়বেন না, ফলাফল না দেখা পর্যন্ত অবস্থান করুন: জামায়াত আমির
নির্বাচনে ভোট দেওয়ার পরও ভোট চুরি হতে পারে উল্লেখ করে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের কেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিএনপির রুহুল কবির রিজভী হাসপাতালে ভর্তি
গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ বিপুল ভোটে বিজয়ী হবে—এমন প্রত্যাশা তাদের রয়েছে। তার ভাষ্য, ‘হ্যাঁ’ বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে এবং জুলাই বাস্তবায়ন হবে। একই সঙ্গে আবরারসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ১১ দলীয় জোট সব সময় সংস্কার ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে।
সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, সর্বত্র ন্যায়বিচার নিশ্চিত করা গেলে দেশ বর্তমান অবস্থা থেকে অনেক দূর এগিয়ে যাবে। তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, তরুণরা দয়া নয়, কাজ চায়; তারা দেশের উন্নয়নে সক্রিয় অংশীদার হতে চায়। সে লক্ষ্যেই তরুণদের হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান
২০০৮ সালের পর দেশে গণরায়ের প্রতিফলন হয়নি দাবি করে তিনি বলেন, এবারের নির্বাচন ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। গ্রামের ভোটাররা আগ্রহ নিয়ে নিজ নিজ এলাকায় ফিরছেন। তার আশা, এবারের নির্বাচনে গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ নতুন রাজনৈতিক ধারায় অগ্রসর হবে।
নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করা সবার কর্তব্য। এতে জনগণের আস্থা ও সম্মান অর্জন সম্ভব হবে।





