এখন পর্যন্ত ভোটের পরিবেশে সুন্দর ও স্বাভাবিক : সালাহউদ্দিন আহমদ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:৫৪ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোটের ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন: সন্ধ্যায় ঢাকায় এনসিপির বিক্ষোভ মিছিল

এ সময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের অন্য সদস্যরাও নিজ নিজ ভোট প্রদান করেন।

ভোট দিয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিহাসের মোড় ঘোরানোর সূচনা হয়েছে। তিনি বলেন, “আমি লাইনে সবার শেষে দাঁড়িয়ে ভোট দিয়েছি। এখানে সবাই নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রয়েছে।”

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ এর আগে কক্সবাজার-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।