সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও জাতীয় শক্তি: ডিসি ফরিদা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:০২ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও জাতীয় শক্তি বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। তিনি বলেছেন, বাংলাদেশে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করে আসছেন। এই সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সাভার পৌরসভার পঞ্চবটি আশ্রম সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ঢাকা জেলায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় ইশরাককে নিতে হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

তিনি বলেন, প্রত্যেক ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দের সঙ্গে পালন করতে পারেন, সেটিই প্রশাসনের মূল লক্ষ্য। উৎসবের পরিবেশ বিঘ্নিত করতে কেউ নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য বরদাশত করা হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক করে জেলা প্রশাসক বলেন, কোথাও সন্দেহজনক পরিস্থিতি কিংবা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যে বিভ্রান্ত না হয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশী জাতীয়তাবাদ এমন এক বাগান, যেখানে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, মানবিকতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। পূজারী, দর্শনার্থী, আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় উৎসবের আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরসহ জেলায় মোট ১ হাজার ১২৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে দোহার উপজেলায় ৪২টি, নবাবগঞ্জে ২০১টি, কেরানীগঞ্জে ১৫৩টি, ধামরাইয়ে ২৩৫টি, সাভারে ২৩৮টি এবং ঢাকা মহানগরে ২৫৮টি পূজামণ্ডপ রয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়ে ফরিদা খানম বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।