বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৩৬,৯৯৬ হজযাত্রী, চলছে নিয়মিত ফ্লাইট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:১৪ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) হজ সম্পর্কিত হেল্প ডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। মোট ৯২টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

আরও পড়ুন: বায়তুল মোকাররমে বিশেষ বয়ান ও জুমার খুতবা দেবেন দেওবন্দের মুহতামিম

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এ বুলেটিন প্রকাশ করা হয়েছে।

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, সৌদি আরবে যাওয়া মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন।

আরও পড়ুন: ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের তারিখ ঘোষণা

ফ্লাইট পরিচালনায় অংশ নিয়েছে তিনটি এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৪০টি ফ্লাইট, Saudi Arabian Airlines পরিচালনা করেছে ৩৪টি ফ্লাইট এবং Flynas পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।

এর আগে গত ১৮ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

বর্তমান সূচি অনুযায়ী, আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। এরপর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।