বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের আপিল খারিজ, ক্ষুব্ধ আইসিসির বোর্ড সদস্যরা

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:১৭ পূর্বাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপরও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বিসিবি। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটির (ডিআরসি) কাছে আপিল করেছিল বিসিবি। তবে ডিআরসির আপিল সাব-কমিটির এখতিয়ারের বাইরে হওয়ায় বিষয়টি শুনানিতে যাচ্ছে না।

ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী, বোর্ড পরিচালকদের মাধ্যমে নেওয়া আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পরিচালনা করার ক্ষমতা ডিআরসির নেই। এদিকে শেষ চেষ্টা হিসেবে ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে বিসিবি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘হ্যাঁ, বিসিবি আইসিসির ডিআরসির দ্বারস্থ হয়েছে, কারণ তারা তাদের সব বিকল্প যাচাই করে দেখতে চায়। যদি ডিআরসি বিসিবির বিরুদ্ধে রায় দেয়, তবে একমাত্র সংস্থা যেটির দ্বারস্থ হওয়া সম্ভব তা হলো সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।’

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ফ্লোরিডা নিয়ে সতর্কতা, ‘অনিরাপদ গন্তব্য’ বলছে সংস্থাগুলো

পিটিআই জানিয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর ক্ষুব্ধ হয়েছেন আইসিসি বোর্ডের সদস্যরা। নাম প্রকাশ না করার শর্তে আইসিসির একটি সূত্র জানায়, ‘আমিনুল ইসলাম বুলবুলের ওপর আইসিসি বোর্ড সদস্যরা ক্ষুব্ধ। আইসিসিকে না জানিয়ে সংবাদ সম্মেলন করা ঠিক হয়নি। আসিফ নজরুলের আইসিসির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু আইসিসিকে আগে না জানিয়ে সংবাদ সম্মেলন করায় বিষয়টি ভালোভাবে নেয়নি বোর্ড।’

এদিকে বাংলাদেশের এই সিদ্ধান্তের কারণে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ—এমনটাই জানিয়েছে পিটিআই। সংবাদ সংস্থাটির দাবি, জয় শাহ ইতোমধ্যে দুবাই পৌঁছেছেন এবং শনিবার (২৪ জানুয়ারি) সেখানেই বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন।

আরও পড়ুন: ফাহিম আশরাফের ঝড়ো ইনিংসে পাকিস্তানের নাটকীয় জয়

উল্লেখ্য, গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে সম্মতি জানাতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে।