বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত: আনচেলত্তির ইঙ্গিতে অনিশ্চয়তায় নেইমারের ভবিষ্যৎ

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ৬:১৬ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার এই মন্তব্যে দলের অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমারের বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখন বড় প্রশ্নের মুখে পড়েছে।

সোমবার (৩০ মার্চ) ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, বিশ্বকাপের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ এবং ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড সম্পর্কে তার কাছে এখন পরিষ্কার ধারণা রয়েছে। জানা গেছে, আগামী ১৮ মে ব্রাজিল তাদের চূড়ান্ত দল ঘোষণা করবে।

আরও পড়ুন: আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালের রেফারি ঘোষণা করল ফিফা!

গত বছর ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই আনচেলত্তি তরুণ ও নতুন খেলোয়াড়দের ওপর বেশি আস্থা রেখেছেন। অন্যদিকে, ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে মাঠের বাইরে থাকা ৩৪ বছর বয়সী নেইমার এখনো পুরোপুরি ফিট হতে পারেননি।

নেইমার একাধিকবার বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করলেও ফিটনেসজনিত সমস্যার কারণে তাকে সাম্প্রতিক দলগুলোতে রাখা হয়নি। মার্চের আন্তর্জাতিক উইন্ডোতেও তার অনুপস্থিতি নিয়ে ফুটবল মহলে আলোচনা তৈরি হয়।

আরও পড়ুন: এমবাপ্পের আগুনে ফ্রান্স, ইয়ামালের জাদুতে স্পেন—বিশ্বকাপের সবচেয়ে দামী মহারণ

এদিকে, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচগুলোতে আনচেলত্তি তার পছন্দের একাদশ পরীক্ষা করে দেখছেন। তবে রক্ষণভাগের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি এবং তরুণ তারকা এস্তেভাওয়ের চোট পরিকল্পনায় কিছুটা প্রভাব ফেলেছে। এছাড়া রাফিনহার চোট আক্রমণভাগে নতুন সমীকরণ তৈরি করেছে।

ফিফার নির্ধারিত সময়সীমা ৩০ মে হলেও ব্রাজিল ১২ দিন আগেই দল ঘোষণা করবে। ফলে নেইমারের সামনে নিজেকে প্রমাণের সময় খুবই সীমিত।

সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে আনচেলত্তি যদি তার পরিকল্পনায় অটল থাকেন, তবে নেইমারকে ছাড়াই ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে নামতে পারে ব্রাজিল।