আর্জেন্টিনা দলে কি শেষ হয়ে গেল দিবালার অধ্যায়?
পাওলো দিবালা কি আর ফিরতে পারবেন আর্জেন্টিনা দলেএ। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা না পাওয়ার পর থেকেই এই প্রশ্ন ঘুরছে সমর্থকদের মনে। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা এই তারকা ফরোয়ার্ডের আন্তর্জাতিক ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় ঘেরা।
বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি সোমবার আসন্ন বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন। সেখানে নেতৃত্বে আছেন লিওনেল মেসি। তবে দল ঘোষণায় সবচেয়ে বেশি নজর কেড়েছে তরুণদের প্রাধান্য।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের
২০২৪ সালের পর আর জাতীয় দলে ডাক পাননি দিবালা। ইনজুরি, অনিয়মিত পারফরম্যান্স এবং স্কালোনির পরিকল্পনায় জায়গা হারানো—সব মিলিয়ে তার অবস্থান আরও কঠিন হয়ে পড়েছে। সর্বশেষ মার্চে হাঁটুর মেনিস্কাস ইনজুরির কারণে অস্ত্রোপচার করাতে হয় তাকে। চলতি মৌসুমে AS Roma-র হয়ে ২৫ ম্যাচে মাত্র ৩ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন তিনি।
শুধু জাতীয় দল নয়, ক্লাব ফুটবলেও অনিশ্চয়তা ঘিরে ধরেছে দিবালাকে। রোমার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। তবে এখনো নতুন চুক্তি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কোনো অগ্রগতি দেখা যায়নি।
আরও পড়ুন: পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য
অন্যদিকে স্কালোনি নতুন প্রজন্মের ফুটবলারদের ওপর আস্থা রাখছেন। দীর্ঘদিন পর দলে ফিরেছেন আলেহান্দ্রো গার্নাচো। সুযোগ পেয়েছেন তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং ক্লদিও এচেভেরি। এছাড়া নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন মাতেও পেলেগ্রিনো, জায়েদ রোমেরো ও নিকোলাস কাপুলদোর মতো ফুটবলাররা।
প্রাথমিক দলে জায়গা হয়নি আনহেল কোরেয়া এবং ভ্যালেন্টিন কাস্তেয়ানোস-এরও। তাদের বদলে স্কালোনি নতুন ও তরুণ খেলোয়াড়দের দিকেই ঝুঁকেছেন।
গোলরক্ষক তালিকায়ও এসেছে চমক। তরুণ সান্তিয়াগো বেলত্রান জায়গা পেয়েছেন অভিজ্ঞ এমিলিয়ানো মার্তিনেজ-দের সঙ্গে।
আগামী ৩০ মে’র মধ্যে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনা। তবে বর্তমান পরিস্থিতি বলছে, দিবালার জন্য জাতীয় দলে ফেরার পথটা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছে।





