দক্ষিণ কোরিয়ার অনুশীলনে অনুপ্রবেশের চেষ্টা, অজ্ঞাত ড্রোন ভূপাতিত

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ৬:৩৩ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়া দলের অনুশীলনকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। গুয়াদালাহারায় ক্লোজড-ডোর অনুশীলনের সময় একটি অজ্ঞাত ড্রোন নিরাপত্তা বলয়ে প্রবেশের চেষ্টা করলে সেটি শনাক্ত করে ভূপাতিত করা হয়।

মেক্সিকোর গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়ার অনুশীলন চলাকালে আকাশে উড়তে দেখা যায় ড্রোনটি। পরে বিশেষ প্রযুক্তির মাধ্যমে সেটি শনাক্ত করে মেক্সিকোর সামরিক বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনটির কোনো বৈধ নিবন্ধন ছিল না এবং এটি অনুমোদনহীনভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে প্রবেশের চেষ্টা করেছিল। পরিস্থিতি বিবেচনায় দ্রুত ব্যবস্থা নিয়ে ড্রোনটি নিষ্ক্রিয় করা হয়।

আরও পড়ুন: ব্রাজিলের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন

নাম প্রকাশে অনিচ্ছুক এক মেক্সিকান ফেডারেল কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, নিরাপত্তা প্রটোকল অনুসারে ড্রোনটিকে শনাক্তের পর গুলি করে ভূপাতিত করা হয়েছে।

বৃহস্পতিবার টুর্নামেন্টের সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। এমন প্রেক্ষাপটে অনুশীলনের সময় নিরাপত্তা-সংক্রান্ত এ ঘটনা কিছুটা উদ্বেগের জন্ম দিলেও দলটির প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব পড়েনি বলে জানিয়েছেন কোচ হং মিয়ং-বো।

আরও পড়ুন: উজবেকিস্তানের ঐতিহাসিক গোল, তবে জয় পেল কলম্বিয়া

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অনুশীলনের সময় আকাশে একটি ড্রোন ছিল, পরে বিষয়টি সম্পর্কে জানতে পারি। সৌভাগ্যক্রমে তখনও আমরা ট্যাকটিক্যাল অনুশীলন শুরু করিনি, তাই প্রস্তুতিতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।”

তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন ঘটনা ঘটায় হতাশা প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার এই কোচ। তিনি বলেন, “প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এমন ঘটনা ঘটেছে, যা অবশ্যই দুর্ভাগ্যজনক।”

বিশ্বকাপ উপলক্ষে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মেক্সিকোর সামরিক বাহিনী ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। গত সপ্তাহে শুরু হওয়া এই আসর আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে।