শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি

হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের জয়

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ১১:১২ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ইউরোপের দলটি এবার নকআউট পর্বে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।

ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তৃতীয় মিনিটেই তার হেড প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধায় জালে পৌঁছাতে পারেনি। প্রথমার্ধের শেষ দিকে আরেকটি নিশ্চিত সুযোগও হাতছাড়া হয়, যখন গোললাইন থেকে বল ক্লিয়ার করে আইভরি কোস্টের এক রক্ষণভাগের খেলোয়াড়। এর আগে হালান্ডের আরেকটি শক্তিশালী হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

আরও পড়ুন: সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

তবে হালান্ড গোল না পেলেও প্রথমার্ধে এগিয়ে যায় নরওয়ে। ম্যাচের ৩৯তম মিনিটে আন্তোনিও নুসা দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কোণাকুনি শটে বল জালে পাঠান। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নরওয়ের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েন তিনি। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় নরওয়ে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য আক্রমণের তীব্রতা বাড়ায় আইভরি কোস্ট। ৭৪তম মিনিটে আমাদ দিয়ালোর গোলে সমতায় ফেরে আফ্রিকার দলটি।

আরও পড়ুন: ১০ জনের যুক্তরাষ্ট্রের জয়, শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি

ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে বলেই মনে হচ্ছিল। তবে ৮৬তম মিনিটে নরওয়েকে কাঙ্ক্ষিত জয় এনে দেন হালান্ড। সতীর্থের পাস থেকে সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন তিনি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে এবং নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।

এখন কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের সামনে অপেক্ষা করছে শক্তিশালী ব্রাজিল।