বিশ্বকাপে আলো ছড়ানো ভোজিনহা এবার চিলির ক্লাবে যোগ দিচ্ছেন

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০৪ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উত্তর আমেরিকা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনহা এবার দক্ষিণ আমেরিকার ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক।

ফুটবলের ট্রান্সফার বিশেষজ্ঞ ও ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি

পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেস ছেড়ে ফ্রি এজেন্ট হওয়া ভোজিনহার সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি করতে যাচ্ছে কোলো কোলো। ক্লাবটির সভাপতি অনিবাল মোসা আর্জেন্টাইন ক্রীড়া মাধ্যম *ওলে*-কে বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা তার (ভোজিনহা) সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছি।”

এখন শুধু ক্লাবটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে বড় সাফল্যের লক্ষ্য নিয়েই অভিজ্ঞ এই গোলরক্ষককে দলে ভিড়াচ্ছে কোলো কোলো।

আরও পড়ুন: ফিফা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা

বিশ্বকাপে উরুগুয়ে, স্পেন এবং শেষ বত্রিশে আর্জেন্টিনার বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে রাতারাতি তারকাখ্যাতি পান ভোজিনহা। টুর্নামেন্ট চলাকালীন ও পরে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২৯ মিলিয়নে পৌঁছে যায়। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিসহ বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত চিলির কোলো কোলোকেই বেছে নিয়েছেন তিনি।

কোলো কোলোয় ভোজিনহা কাজ করবেন অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ ফার্নান্দো এল তানো ওরতিজের অধীনে। এছাড়া সতীর্থ হিসেবে পাবেন কিংবদন্তি চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালসহ একাধিক আর্জেন্টাইন ফুটবলারকে।