আফগানিস্তানের জয়ে ২০২৭ বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:৩১ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। একই সঙ্গে কাট-অফ তারিখের আগেই সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও।

অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চূড়ান্ত র‍্যাঙ্কিং সমীকরণে বাদ পড়ে আবারও বড় ধাক্কা খেয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: ইনফান্তিনোর পদত্যাগ দাবি উয়েফা-এএফসি-কনকাকাফের, ফুটবলে নতুন সংকট

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের কাট-অফ তারিখের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। তবে আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই সেরা আটে থাকায় র‍্যাঙ্কিংয়ের নবম দলটিও সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে।

আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজের ফল নির্ধারিত হওয়ার পর র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা বাংলাদেশের বিশ্বকাপের মূল পর্বে খেলা শতভাগ নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন: মেসিক ও রোনালদোকে বোমা মেরে হত্যার হুমকি

বাংলাদেশ ও আফগানিস্তানের পাশাপাশি সরাসরি মূল পর্বে খেলা নিশ্চিত করা অন্য দলগুলো হলো—আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

অন্যদিকে, র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের কাট-অফ তারিখের আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে বাকি রয়েছে। তবে ওই দুই ম্যাচে জয় পেলেও গাণিতিক সমীকরণে নবম স্থানে ওঠার কোনো সুযোগ নেই ক্যারিবীয়দের।

এর ফলে ২০২৩ সালের পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা পেতে ব্যর্থ হলো ওয়েস্ট ইন্ডিজ। ২০২৩ বিশ্বকাপে বাছাইপর্বের ‘সুপার সিক্স’ পর্বে পঞ্চম স্থানে থেকে ছিটকে গিয়ে প্রথমবারের মতো দর্শক হিসেবে বিশ্বকাপ দেখতে হয়েছিল তাদের।

২০২৭ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আবারও বাছাইপর্বের বৈতরণী পার হতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।